চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে ওবাইদুল আজিম রিংকু (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই সঙ্গে তাঁর স্ত্রী ও দুই সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পরিবারের স্বজনদের দাবি, তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
নিহত ওবাইদুল আজিম রিংকু চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা। তিনি ফিলিং স্টেশন ও ইটভাটা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন রিংকু। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা করা হলে তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। এরপর চিকিৎসা চললেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
পরিস্থিতির অবনতি হলে সোমবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসকদের পরামর্শে রিংকুকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
রিংকুর বন্ধু কামরুল হাসান জুয়েল জানান, প্রায় এক সপ্তাহ ধরে রিংকু জ্বরে ভুগছিলেন। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, রিংকুর স্ত্রী ও দুই সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এর মধ্যে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
একই পরিবারের একাধিক সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের মধ্যে একই সময়ে ডেঙ্গুর সংক্রমণ হওয়ায় মশার প্রজননস্থল ও আশপাশের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজননস্থল তৈরি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি ব্যক্তি ও পরিবার পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, বাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে জ্বরের সঙ্গে ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!