জুলাই গণঅভ্যুত্থানে আহত রাজশাহী বিভাগের ১ হাজার ৫৯৬ জন জুলাই যোদ্ধার জন্য মোট ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা সম্মানী ভাতা হিসেবে মঞ্জুরি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বরাদ্দের আওতায় আহতদের সামাজিক নিরাপত্তা ও চিকিৎসা সহায়তার অংশ হিসেবে এ অর্থ ছাড়ের সরকারি সম্মতি দেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ‘জুলাই গণঅভ্যুত্থান শাখা’ থেকে গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে এ অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট সরকারি নির্দেশনায় রাজশাহী বিভাগের বিভিন্ন শ্রেণির আহত জুলাই যোদ্ধাদের জন্য সম্মানি ভাতা প্রদানের অর্থ বরাদ্দ ও ছাড়ের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা, চিকিৎসা সহায়তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত মাসিক সম্মানি ভাতা দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে এ অর্থ মঞ্জুর করা হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের সম্মানি ভাতা’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় এ অর্থ বরাদ্দ করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, এই কার্যক্রমের ‘কল্যাণ অনুদান’ খাতে মোট ২৩৭ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। সেই বরাদ্দের আওতায় রাজশাহী বিভাগের আহত জুলাই যোদ্ধাদের জন্য ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা ছাড়ের অনুমোদন দেওয়া হয়।

অর্থ বরাদ্দের বিভাজন অনুযায়ী, রাজশাহী বিভাগের ‘ক’, ‘খ’ ও ‘গ’ শ্রেণির ১ হাজার ৫৯২ জন আহত জুলাই যোদ্ধার অনুকূলে সেপ্টেম্বর ২০২৬ মাসের এক মাসের সম্মানি ভাতা দেওয়া হবে। পাশাপাশি ‘গ’ শ্রেণির বিশেষ চারজন জুলাই যোদ্ধার অনুকূলে জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসের বকেয়া সম্মানি ভাতাও এ বরাদ্দের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।

সব মিলিয়ে ১ হাজার ৫৯৬ জন জুলাই যোদ্ধার জন্য মোট ১ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা অর্থনৈতিক সম্মতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা সরকারি নির্দেশনায় নির্ধারিত শর্ত ও বরাদ্দের বিভাজন অনুসরণ করে অর্থ ছাড় ও বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, পরিবহন পুল ভবনে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান শাখার মাধ্যমে সম্মানি ভাতা সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারি বিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সুবিধাভোগীদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিয়মিত সম্মানি ভাতা গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে চিকিৎসা ব্যয় ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই আর্থিক সহায়তা আহত জুলাই যোদ্ধাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৪৮.০০.০০০০.০০০.০১৬.৩৮.০০০৮.২৬-৪৯৯-এর মাধ্যমে জারি করা নির্দেশনায় সংশ্লিষ্ট অর্থ ছাড়ের শর্তাবলি ও বরাদ্দের বিভাজন উল্লেখ করা হয়েছে। রাজশাহী বিভাগের ১ হাজার ৫৯৬ জন আহত জুলাই যোদ্ধার জন্য এই অর্থ মঞ্জুরের মধ্য দিয়ে চলতি অর্থবছরে সরকার ঘোষিত সম্মানি ভাতা কার্যক্রমের একটি অংশ বাস্তবায়নের পথে এগিয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!