নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কোরআন শিক্ষা কার্যক্রমের সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় উপজেলার দ্বীপ-চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদে জনসাধারণের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্র সভাপতি মো. ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আত্রাই উপজেলা কর্মকর্তা মো. আকবর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আকবর হোসেন বলেন, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই।

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রমে উপস্থিত রাখার পাশাপাশি বাড়িতে তাদের অনুশীলনে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে তিনি এ কার্যক্রমের সঙ্গে জড়িত শিক্ষক ও কর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. আকরাম হোসেন সরদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন শাহাগোলা ও কালিকাপুর ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক মো. রেজাউল করিম, হাটকালুপাড়া ও আহসানগঞ্জ ইউনিয়নের কেন্দ্র পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বাবু, খয়ের আলী, আক্তারুজ্জামান, মজনু মোল্লা, সাইদ সরদার, আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রের শিক্ষক হাফেজ মো. ফিরোজ আহমেদ ২২ জন শিক্ষার্থীর মাঝে কোরআন শরিফের সবক প্রদান করেন। পরে ২২ জন শিক্ষার্থীর মাঝে কোরআন শরিফ বিতরণ করা হয়।

অভিভাবক সমাবেশে বক্তারা শিশুদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে নিয়মিত পাঠদানের গুরুত্ব তুলে ধরেন। তারা মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!