বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ আধুনিক বৈজ্ঞানিক যন্ত্র পরিচালনা ও ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ‘Photo-Electrochemical Workstation with Frequency Response Analyzer (FRA)’ যন্ত্রের ব্যবহার ও পরিচালনা বিষয়ে এ প্রশিক্ষণে বিসিএসআইআরের বিভিন্ন গবেষণাগারে কর্মরত ১০ কর্মকর্তা অংশ নেবেন।

বিসিএসআইআরের ৬ অক্টোবর ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরের বৈজ্ঞানিক যন্ত্রের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আগামী ১১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বিসিএসআইআর ঢাকা গবেষণাগারে এ ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

অফিস আদেশ অনুযায়ী, বিসিএসআইআরের বিভিন্ন ইউনিট ও গবেষণাগারে কর্মরত ১০ কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছে। মনোনীত কর্মকর্তাদের মধ্যে জয়পুরহাট ও ঢাকা গবেষণাগারে কর্মরত বিজ্ঞানী ও বৈজ্ঞানিক কর্মকর্তারা রয়েছেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা হলেন—ড. তৌফিক আহমেদ, মো. সাহাদাত হোসেন, মো. রিয়াদ হোসেন ভূঁইয়া, মেহেদী হাসান, মো. রিপন উদ্দিন, ফারিহা চৌধুরী, মো. হাসানুজ্জামান, তানভীর আহমেদ, শম্পকার তাহমিনা তাসনিম এবং মো. নাকিব হোসেন।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য তিনজন প্রশিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন বিসিএসআইআর ঢাকা গবেষণাগারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. সৈয়দ ফরিদ উদ্দিন ফরহাদ, সায়েন্টিফিক অফিসার নাজমুল ইসলাম তানভীর এবং সায়েন্টিফিক অফিসার মো. সাইফুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়েছে, প্রশিক্ষক ও মনোনীত প্রশিক্ষণার্থীদের আগামী ১১ অক্টোবর সকাল ৯টায় বিসিএসআইআর ঢাকা গবেষণাগারের সভাকক্ষে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বিসিএসআইআরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. তাসনিম ফারজানা স্বাক্ষরিত অফিস আদেশে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত আধুনিক যন্ত্রের সঠিক পরিচালনা, ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!