সরকারি অফিসগুলোতে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে যেসব সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ১০ আগস্ট ২০২৬ তারিখের পরিপত্রের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি জারি করা সংশ্লিষ্ট চিঠিতে সরকারি অফিসে সৌরবিদ্যুতের অধিকতর ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ থেকে ব্যবহারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অন্যান্য সরকারি দপ্তরেও পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
এ নির্দেশনার আলোকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট নথিতে আরও বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব উপযুক্ত স্থানে বেসরকারি বিনিয়োগে OPEX মডেলে অথবা নিজস্ব অর্থে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চিঠিটি অধীনস্থ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম), শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ড, কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন দপ্তরগুলোতেও বিষয়টি জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে। ফলে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!