বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানি। সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকায় মোড়েলগঞ্জ-মোংলা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইব্রাহিম (২৩), পারভেজ আহমেদ (২৫), আমিনুর রহমান (৩২) ও নূর আমিন (২৮)। এসআরবি-৬-এর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইব্রাহিম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার বাসিন্দা। অপর তিনজন রংপুর জেলার বাসিন্দা।

এসআরবি-৬ সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকায় মোড়েলগঞ্জ থেকে মোংলাগামী সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাস থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাসে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধার করা মাদক ও জব্দ করা যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

তিনি জানান, মাদক কারবার ও পরিবহন বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের, উদ্ধার করা গাঁজা ও জব্দ করা বাসসহ মোংলা থানায় হস্তান্তর করা হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মাদকবিরোধী অভিযানের মাধ্যমে মাদক সরবরাহ ও বিস্তার রোধে নিয়মিতভাবে নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!