কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে দেশের প্রায় ৩০টি ব্যাংকের বিভিন্ন কার্ড ও লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কার্ড লেনদেনসহ কিছু আন্তব্যাংক লেনদেন সেবা।
তবে সব ব্যাংকের সব ধরনের সেবা বন্ধ হয়নি। কোন ব্যাংকের কোন সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে, তা নির্ভর করছে সংশ্লিষ্ট ব্যাংকের প্রযুক্তিগত ব্যবস্থার ওপর। ফলে ব্যাংকভেদে সেবার সীমাবদ্ধতাও আলাদা।
সম্প্রতি কৃষি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া ও ন্যাশনাল ব্যাংকসহ প্রায় ৩০টি ব্যাংক তাদের গ্রাহকদের বিভিন্ন সেবা সাময়িক বন্ধ থাকার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। ব্যাংকগুলোর ভাষ্য, প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা বাড়াতে সিস্টেম আপগ্রেড এবং রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এসব কাজ করা হচ্ছে।
তবে গ্রাহকদের সেবা বন্ধের বিষয়টি আগে থেকে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কাজ চলছে।
আরিফ হোসেন খানের ভাষ্য অনুযায়ী, এর প্রভাবে আইটিসি তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের কিছু সেবা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে নিয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে জানানো হয়নি। এমনকি গ্রাহকদের সেবা বন্ধ রাখার বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংকগুলো আগে কোনো বিজ্ঞপ্তি বা পূর্ব ঘোষণা দেয়নি বলে জানান তিনি।
ব্যাংক এশিয়ার গ্রাহকদের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত ব্যাংকটির কিছু সেবা বন্ধ থাকবে।
এ সময়ে ব্যাংকটির ক্রেডিট কার্ড ও প্রি-পেইড কার্ডের লেনদেন করা যাবে না। একই সঙ্গে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও পিওএস থেকেও লেনদেন করা যাবে না।
তবে ব্যাংক এশিয়ার ডেবিট কার্ডের লেনদেন স্বাভাবিক থাকবে। অন্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং ব্যাংকটির মানি অ্যাপের মাধ্যমে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে ফান্ড ট্রান্সফার চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের বাইরে থাকা অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফারও স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।
সিস্টেমের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যাংকের কিছু আন্তব্যাংক লেনদেন সেবাও সাময়িকভাবে সীমিত হয়েছে। ফলে এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বা নির্দিষ্ট চ্যানেলে লেনদেনের সময় গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গুরুত্বপূর্ণ এ ধরনের সিদ্ধান্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে এককভাবে নেওয়াকে কেন্দ্রীয় ব্যাংক ভালোভাবে নেয়নি। বিষয়টি নিয়ে গভর্নরও ক্ষুব্ধ হয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে ব্যাংকগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, প্রযুক্তি ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে নিয়মিত সিস্টেম আপগ্রেড ও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনও সেই প্রক্রিয়ার অংশ।
ব্যাংকিং খাতে ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে এটিএম, কার্ড, পিওএস, কিউআর ও আন্তব্যাংক লেনদেনের প্রযুক্তিগত অবকাঠামোও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এ ধরনের কাজের সময় প্রয়োজন অনুযায়ী কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত কোনো কোনো সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে।
ব্যাংকগুলো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সিস্টেম মাইগ্রেশনের কাজ শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে। এ সময় জরুরি লেনদেনের প্রয়োজনে গ্রাহকদের বিকল্প সেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!