কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজা ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
রোববার (৪ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর গোড়কমন্ডল বিওপির দায়িত্বপূর্ণ গোড়কমন্ডল শয়তানের মোড় সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। একপর্যায়ে সীমান্তের দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে মালামাল বহন করে আসতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা বহন করা বস্তা ফেলে দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২১ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক সিজার মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, দেশের সীমান্তকে মাদকমুক্ত রাখতে বিজিবির অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!