চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার মামলায় মো. গোলাম কবির (৫৪) নামের এক শিক্ষককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মো. গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর (কাঠালিয়াপাড়া) এলাকার মৃত তাজেবুল হকের ছেলে। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ আগস্ট ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী জীববিজ্ঞানের বই চাইলে শিক্ষক গোলাম কবির তাকে ২৩ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ে আসতে বলেন। নির্ধারিত সময়ে ওই ছাত্রী বিদ্যালয়ে গেলে শিক্ষক তাকে স্কুল শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিস কক্ষে নিয়ে যান।
মামলার অভিযোগ অনুযায়ী, সেখানে অফিস কক্ষের দরজা-জানালা বন্ধ করে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা অফিস কক্ষের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। ভুক্তভোগী ছাত্রী মানসম্মানের ভয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়েন।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক গোলাম কবিরকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর চাচা মো. শাহজাহান আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ১০ ধারায় গোলাম কবিরকে দোষী সাব্যস্ত করেন আদালত। রায়ে তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুস সালাম এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. নাজমুল আজম।
রায় ঘোষণার পর বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুস সালাম সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, একজন শিক্ষকের কাছ থেকে এ ধরনের নৈতিকতাবিরোধী আচরণ অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। আদালতের এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এ ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ফলে ভবিষ্যতে কোনো শিক্ষক যেন এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর সাহস না পান, সেটিই প্রত্যাশা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!