সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেওয়ার অভিযোগে বাগেরহাটের মোংলায় যুবলীগ নেতা বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায় তাঁর নিজ চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাবুল শেখ সুন্দরবন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকার স্থানীয় বাসিন্দা। তাঁর বাবার নাম আকতার আলী শেখ। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাবুল শেখ তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মোংলা থানার তদন্ত (ওসি) মানিক চন্দ্র গাইন বলেন, যুবলীগ নেতা বাবুল শেখের বিরুদ্ধে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনের প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁর ফেসবুকে দেওয়া পোস্টের বিষয়টিও পুলিশের নজরে আসে। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল শেখ দীর্ঘদিন ধরে বাঁশতলা এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করে আসছেন। দোকান পরিচালনার পাশাপাশি তিনি স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
বাবুল শেখের পারিবারিক সূত্রে জানা গেছে,তাঁর এক ভাই দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। পরিবারের সদস্যরা তাঁকে দেখাশোনা করেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে,মোঃ বাবুল শেখের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম যাচাই করা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তারের পর বাবুল শেখকে মোংলা থানায় নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি পুলিশের হেফাজতে ছিলেন এবং তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!