বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়ানোর জন্য আলজেরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে চিকিৎসক, নার্সসহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়েও দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শান্তিশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা এবং অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগের বিষয়টিও উঠে আসে। উভয় পক্ষের মতে, এ ধরনের উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।

আলোচনায় আলজেরিয়ার রাষ্ট্রদূত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়াকে প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্মরণ করেন। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলজেরিয়ার আগ্রহের কথাও জানান তিনি।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক আরও বেগবান করতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্সসহ দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়েও তিনি দেশটির প্রতি আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন এবং বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আলজেরিয়ার রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করায় বাংলাদেশ আনন্দিত। একই সঙ্গে সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকের শেষ পর্যায়ে উভয় দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এ টি এম আব্দুর রউফ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!