বক্স অফিসে দারুণ সাড়া পাচ্ছে অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত ক্রাইম থ্রিলার ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। অগ্রিম বুকিংয়েও ছিল ভালো সাড়া। এবার মুক্তির মাত্র তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ১৭৬ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। ফলে দ্রুত ২০০ কোটির ক্লাবে প্রবেশের পথে এগিয়ে যাচ্ছে ‘দৃশ্যম ৩’।

অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটি ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রথম দিন থেকেই দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মুক্তির প্রথম তিন দিনের আয়েই সাম্প্রতিক সময়ে আলোচিত কয়েকটি সিনেমার পুরো সময়ের বক্স অফিস সংগ্রহকে পেছনে ফেলেছে ছবিটি।

মুক্তির প্রথম দিন শুক্রবার ভারতে প্রায় ৬২ কোটি রুপি আয় করে ‘দৃশ্যম ৩’। এর মধ্য দিয়ে বলিউডের সর্বোচ্চ উদ্বোধনী দিনের আয়ের তালিকায় চার নম্বরে জায়গা করে নেয় সিনেমাটি।

দ্বিতীয় দিন শনিবার ছবিটির আয় কিছুটা কমে দাঁড়ায় ৫৩ কোটি ৫০ লাখ রুপি। তবে প্রথম দুই দিনেই সিনেমাটির মোট আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যায়।

তৃতীয় দিন রোববার সকাল থেকেই প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের ভিড় বাড়তে থাকে। রাত ১০টা পর্যন্ত সিনেমাটির আয় প্রায় ১৭৬ কোটি ৫০ লাখ রুপিতে পৌঁছে যায়। এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রথম সপ্তাহেই ছবিটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাত্র এক সপ্তাহান্তেই ‘দৃশ্যম ৩’ বেশ কয়েকটি আলোচিত সিনেমার পুরো সময়ের আয়কে ছাড়িয়ে গেছে। এর মধ্যে ‘সিকান্দার’ ১০৭ কোটি, ‘দ্য রাজা সাব’ ১৩৮ কোটি, ‘শয়তান’ ১৪৪ কোটি এবং ‘আওয়ারাপান ২’ ১৫০ কোটি রুপি আয় করেছিল।

উদ্বোধনী সপ্তাহ শেষে সর্বোচ্চ আয় করা বলিউড সিনেমাগুলোর তালিকাতেও দ্রুত ওপরে উঠছে ‘দৃশ্যম ৩’। ১৬৬ কোটি রুপি আয় করা ‘ওয়ার’-কে পেছনে ফেলে সিনেমাটি সেরা দশে জায়গা করে নিয়েছে। ১৮০ কোটি রুপি আয় করা ‘সুলতান’-কেও শিগগির ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ‘অ্যানিম্যাল’-এর ২০২ কোটি এবং ‘স্ত্রী ২’-এর ২০৪ কোটি রুপির উদ্বোধনী সপ্তাহের আয় ছাড়িয়ে যেতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়। অন্যদিকে ‘ধুরন্ধর ২’, ‘জওয়ান’ ও ‘পাঠান’-এর মতো সিনেমার বিশাল উদ্বোধনী সপ্তাহের রেকর্ড থেকে এখনো বেশ পিছিয়ে রয়েছে ‘দৃশ্যম ৩’।

সিনেমাটিতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। তার সঙ্গে পুরোনো কাস্টের তাব্বু, শ্রিয়া শরণ, রজত কাপুর, ইশিতা দত্ত, মৃণাল যাদব ও কমলেশ সায়ন্ত ফিরেছেন। ফ্র্যাঞ্চাইজির নতুন সংযোজন হিসেবে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত ও প্রকাশ রাজ।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!