কুড়িগ্রামের চর রাজিবপুরে দুই পুরিয়া গাঁজাসহ মো. নাসির (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে চর রাজিবপুর উপজেলার ধুলাউরি গ্রামের সোহেল রানার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। নাসির ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পুলিশ জানায়, নাসিরের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত নাসিরকে পরে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার, রৌমারী সার্কেল মো. রাসেল কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!