বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের ১০২ জন গুণী শিক্ষককে সম্মাননা দিয়েছে সরকার।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন।

সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ২০ জন, কলেজ পর্যায়ে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২০ জন রয়েছেন। এ ছাড়া চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনজন এবং অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় পর্যায়ে চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্বাচিত আরও সাতজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক গুণী শিক্ষককে দুই লাখ টাকা, একটি ক্রেস্ট এবং সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

জাতি গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি, তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় এবার দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।

শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করার গুরুত্বও বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় গুরুত্ব পায়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!