কুষ্টিয়া সীমান্ত দিয়ে নৌপথে ভারতে পাচারের জন্য রাখা ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিবাগত রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আওতাধীন আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরাতন ঠোটারপাড়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নৌপথে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ সার জব্দ করা হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি), ৪ হাজার কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট। সব মিলিয়ে জব্দ করা সারের পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ধরনের অবৈধ পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জব্দ করা সারের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে কি না, সে বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!