আত্রাইয়ে ছাগলে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনায় ইয়াছিন আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মধুগুরনই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী ওই গ্রামের মৃত গরিবুল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মিম (১৮), পিতা রহিদুলের ছাগল একটি গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে ইয়াছিন আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে মিম ওই বৃদ্ধকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে। এতে ইয়াছিন আলী মাটিতে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সামান্য বিষয়কে কেন্দ্র করে এ ধরনের ঘটনা দুঃখজনক। মারধরের পর বৃদ্ধ মাটিতে পড়ে যান এবং পরে হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।

আত্রাই থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!