দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম পরিস্থিতি নিয়ে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ফলে গত মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হাম-সংক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ২১ হাজার ৮০৯ জনের।

হাম-সংক্রান্ত অসুস্থতার কারণে এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের অংশ হিসেবে এসব পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। নতুন করে রোগী শনাক্ত ও মৃত্যুর তথ্য যুক্ত হওয়ায় হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!