খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা শিক্ষা অফিস।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এতে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শ্রেণিকক্ষে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও আধুনিক শিক্ষাপদ্ধতির প্রয়োগ বাড়ানো গেলে শিক্ষার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব।
বক্তারা আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার মানোন্নয়নে দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক তৈরির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আলোচনা সভায় জেলার বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিতদের অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে নিজেদের কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
পরে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে নির্বাচিত মোট নয়জন শ্রেষ্ঠ শিক্ষককে ‘গুণী শিক্ষক’ সম্মাননা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন।
এ বছর প্রাথমিক পর্যায়ে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন রূপা মল্লিক। মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম এবং কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মেহেরুন্নিছা বেগম মিলি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের এ ধরনের স্বীকৃতি তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। পাশাপাশি মেধাবী ও যোগ্য শিক্ষকদের মূল্যায়নের মাধ্যমে জেলার শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তারা।
বিশ্ব শিক্ষক দিবসের এই আয়োজনের মাধ্যমে শিক্ষকদের অবদানকে সম্মান জানানোর পাশাপাশি খাগড়াছড়ির শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!