বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (৫ অক্টোবর) মোংলা উপজেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্টদের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকালে মোংলা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি। তিনি শিক্ষকদের ভূমিকা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সমাজ গঠনে শিক্ষকদের অবদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চালনা বন্দর ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, মোংলা সরকারি কলেজের ড. অসিত কুমার সাহা, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রোকন উদ্দিন এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তালুকদার মো. জিহাদ।

এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আপন বিশ্বাস এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শেফা।

বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। এ সময় শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষকদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা আরও বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে মোংলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়ন ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!