যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, মাদক ব্যবসা ও সেবন প্রতিরোধ এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার ৪ নম্বর মিঠাপুর ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, স্থানীয় জনগণকে সচেতন করা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

গত রোববার সন্ধ্যায় মিঠাপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ৪ নম্বর মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফিরোজ হোসেন বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে চেয়ারম্যান ফিরোজ হোসেন বলেন, ‘এই এলাকায় বসবাস করতে চাইলে মাদক ছাড়তে হবে, না হয় এলাকা ছাড়তে হবে।’ একই সঙ্গে কেউ মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে তাকে ভালো পথে ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের সহযোগিতার কথাও জানান তিনি।

সভায় বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; এর পাশাপাশি তরুণ ও যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পরিবারের সদস্যদেরও সন্তানদের চলাফেরা ও বন্ধুবান্ধবের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়। মাদকসেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর ওপরও গুরুত্ব দেন বক্তারা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রাজু, মিঠাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আ. রাজ্জাক কবিরাজ, সাধারণ সম্পাদক রাসেল হোসেন এবং মিঠাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন মিঠাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. শরিফুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক, বিএনপি, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে মিঠাপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে স্থানীয় এলাকাবাসী ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

সভা শেষে একটি মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে স্থানীয় এলাকাবাসী পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার যৌথ অঙ্গীকার ব্যক্ত করেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!