ধুনটে ইসলামী মূল্যবোধভিত্তিক সাংস্কৃতিক সংগঠন ‘আজাদ শিল্পীগোষ্ঠী’র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। নতুন প্রজন্মের মাঝে সুস্থ সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দেওয়া, প্রতিভাবান শিশু-কিশোর ও তরুণদের বিকাশের সুযোগ তৈরি এবং অপসংস্কৃতির নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখার উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় বগুড়ার ধুনট উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সংগঠনটির উদ্বোধনী ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজাদ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের পরিচালক মুফতী আশেকে এলাহী শিবলী এবং সহকারী পরিচালক হাফেজ মাওলানা আতিকুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদ শিল্পীগোষ্ঠীর উপদেষ্টা ও ধুনট কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাসুদ বিন হাসান, উপদেষ্টা আশাদুল ইসলাম, ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, সেক্রেটারি সাংবাদিক রবিউল হাসান, শেরপুর উপজেলা মসজিদের ইমাম মুফতী গোলাম রব্বানী, উপদেষ্টা জাহিদ হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিশুর মেধা ও সৃজনশীলতাকে সঠিকভাবে বিকশিত করতে শিক্ষার পাশাপাশি ইতিবাচক সাংস্কৃতিক পরিবেশও প্রয়োজন। ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি হলে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি আরও শক্তিশালী হতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম খোকন বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি মানুষের চিন্তা, আচরণ ও মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে। তাই নতুন প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার উদ্যোগকে তিনি সময়োপযোগী বলে উল্লেখ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আশরাফুদ্দীন আল আজাদ জানান, সংগীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ (রহ.)-এর স্মরণে প্রতিষ্ঠিত এই সংগঠনের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ইসলামী সংগীত, আবৃত্তি, উপস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রতিভাবানদের পরিচর্যার পাশাপাশি তাদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে দক্ষ ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজাদ শিল্পীগোষ্ঠীর পরিকল্পিত কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়। পরে সংগঠনের সফলতা এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আজাদ শিল্পীগোষ্ঠীর কার্যালয় ধুনট উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মসলিম খান কমপ্লেক্স, সোনামুখী রোডে অবস্থিত। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সেখানে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!