নওগাঁর আত্রাইয়ে আনিছার রহমান নামে এক শিক্ষকের গোয়াল ঘরের জানালার ইট খুলে দুইটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার মস্কিপুর-আবাদপুকুর সড়কের মস্কিপুর বাজারসংলগ্ন এলাকায় এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ভুক্তভোগী শিক্ষক আনিছার রহমান উপজেলার মস্কিপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যায় বাড়ির গোয়াল ঘরে চারটি গরু রেখে তালা দিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
তিনি বলেন, শনিবার ভোরে ফজরের নামাজ শেষে গোয়াল ঘরে গিয়ে গরু বের করার সময় দেখতে পান দুটি গরু নেই। পরে খোঁজ নিয়ে দেখা যায়, চোরেরা গোয়াল ঘরের জানালার ইট খুলে ভেতরে প্রবেশ করে দুটি গরু নিয়ে গেছে।
আনিছার রহমান জানান, চুরি যাওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় পৌনে দুই লাখ টাকা। এ ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ঘটনার পর বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে শনিবার সকালে আত্রাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং চুরির বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গরু চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!