ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধনের বিষয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেবে। এ লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিদের কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হবে।
রোববার (৪ অক্টোবর) সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
কমিটি জানিয়েছে, সংবিধান বিষয়ে বিশেষজ্ঞ, নারী নেতৃত্বদানকারী ব্যক্তি, শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও সংগঠন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সুপ্রিম কোর্টের বিচারক ও আইনজীবী, শিক্ষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বদানকারী ব্যক্তিদের পরবর্তী বৈঠকগুলোতে পর্যায়ক্রমে আমন্ত্রণ জানানো হবে। তাদের কাছ থেকে সংবিধান সংশোধন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত নেওয়া হবে।
রোববারের বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা শ্রমজীবী মানুষের প্রতিনিধি এবং ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। তারা সংবিধান সংশোধন সম্পর্কিত বিভিন্ন প্রস্তাব কমিটির কাছে তুলে ধরেন।
এ ছাড়া বৈঠকের বাইরে কারও লিখিত প্রস্তাব থাকলে তা কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকগুলোতে উত্থাপিত প্রস্তাবের পাশাপাশি লিখিতভাবে পাওয়া প্রস্তাবগুলোও কমিটির প্রস্তুত করা প্রতিবেদনে উল্লেখ করা হবে।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, সাকিলা ফারজানা এমপি এবং মো. মাহমুদুল হক রুবেল এমপি উপস্থিত ছিলেন।
কমিটির বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য দীপেন দেওয়ান, আন্না মিনজ ও মাধবী মারমাও বৈঠকে অংশ নেন। এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
কমিটির এ উদ্যোগের মাধ্যমে সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশা ও সামাজিক গোষ্ঠীর মতামত পর্যালোচনার সুযোগ তৈরি হবে। পরবর্তী বৈঠকগুলোতে আমন্ত্রিত ব্যক্তি ও প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া প্রস্তাবগুলো সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।
সূত্র: বাসস
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!