দেশের সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে নিয়মিত পরিদর্শন ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ৫৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) জারি করা এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদমর্যাদার ৫৪ কর্মকর্তাকে দেশের বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা এবং বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের জনবল পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরাও নিয়মিত পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি তদারকি করতে বলা হয়েছে। একই সঙ্গে মাতৃ ও শিশুমৃত্যু কমানো, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমসহ বিভিন্ন জনস্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা বলা হয়েছে।
স্বাস্থ্যসেবার মান বাড়াতে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করাও এই মনিটরিং কার্যক্রমের অংশ। এর মাধ্যমে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নির্দেশনা অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিয়মিত জেলা, উপজেলা ও হাসপাতাল পরিদর্শন করবেন। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাব্য সমাধান সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন তারা।
পরিদর্শনে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন আকারে পাঠাতে হবে। প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতি মাসে অন্তত একটি পরিদর্শন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এই উদ্যোগের মাধ্যমে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানোর পাশাপাশি জনবল ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা সরঞ্জাম, নিরাপত্তা এবং রোগীদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!