স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধিদল। রোববার (৪ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি, চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। এসব রোগ মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সে বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।
মন্ত্রী দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগগুলোর কথাও প্রতিনিধিদলের সদস্যদের জানান।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশের স্বাস্থ্যখাতের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের মধ্যে স্বাস্থ্যসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলে সংসদ সদস্য মনিকা হার্ডিং, সংসদ সদস্য অ্যালান গাম্মেল এবং সংসদ সদস্য আরটি ডেভিড মুন্ডেলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে সাক্ষাৎ শেষ হয়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!