দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই উপস্থাপিকা শনিবার (৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। হাসপাতালের শয্যা থেকে দেওয়া তার বার্তায় চিকিৎসার কষ্টের পাশাপাশি দ্রুত সুস্থ হয়ে ফেরার দৃঢ় প্রত্যয়ের কথাও উঠে এসেছে।

হাসপাতালে তোলা একটি ছবি প্রকাশ করে সামিয়া আফরিন জানান, তার তৃতীয় কেমোথেরাপি শেষ হয়েছে। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, সামনে কয়েকটি দিন কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সামিয়া লেখেন, ‘আমার তৃতীয় কেমো শেষ হলো।’ এরপর তিনি জানান, আগামী কয়েকটি দিন হয়তো কিছুটা কঠিন যাবে। তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এমন আশাবাদও প্রকাশ করেন তিনি। পাশাপাশি তার প্রার্থনা, যেন ভবিষ্যতে আর কখনো তার শরীরে ক্যানসার বাসা না বাঁধে।

অক্টোবর ক্যানসার সচেতনতার মাস হওয়ায় এ সময় নিজের স্বাস্থ্যের প্রতি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সামিয়া। অস্বাভাবিক কোনো শারীরিক পরিবর্তনকে অবহেলা না করে সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। তার ভাষ্য, প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করা গেলে চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

নিজের যত্ন নেওয়া ও সচেতন থাকাকেই নিজের প্রতি ভালোবাসার গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন এই উপস্থাপিকা। তার এই বার্তার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের সহকর্মীরাও তার পাশে দাঁড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্যে মৌসুমী নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি, ফাহমিদা নবীসহ অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সামিয়া আফরিন দীর্ঘদিন ধরেই ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি স্বাভাবিক জীবনে ফেরেন।

তবে চলতি বছরে নতুন করে তার শরীরে ডিম্বাশয়ের ক্যানসার শনাক্ত হয়। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তার চুল পড়ে যায়। এর আগে মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছিলেন সামিয়া। জীবনের এই পরিবর্তনকেও ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানিয়েছিলেন তিনি।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সামিয়া আফরিন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সবার কাছে দোয়া চেয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!