ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের পথে থাকা প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দ্রুত দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানান।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে প্রকল্পের বর্তমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বাস্তবায়নের ক্ষেত্রে কোথায় কী ধরনের বাধা রয়েছে, তা দ্রুত শনাক্ত করে সমাধানের উদ্যোগ নিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্পের কাজ শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন।

রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত এই প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিদ্যমান পরিকল্পনা ও বাস্তবায়ন কাঠামো যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের জুলাইয়েও রাজধানীর যানজট কমাতে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারের লক্ষ্যে নেওয়া অবকাঠামো প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়েছিল।

রোববারের সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!