মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কয়েক ঘণ্টা পর রোববার ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন কক্সবাজার, টেকনাফ সীমান্তবর্তী এলাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অনুভূত হয়।

এর মাত্র এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ভারতের মিজোরামের লুংলেই এলাকায় ৫ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। শক্তিশালী এই কম্পনের প্রভাব অনুভূত হয় চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন এলাকায়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা ও ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এটির প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন টের পাওয়া যায়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সব মিলিয়ে মাত্র ৭৫ মিনিটের মধ্যে তিনটি ভূমিকম্প অনুভূত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব কম্পনে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে রোববার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ভোরের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ও অন্যান্য বিস্তারিত তথ্য নিয়ে কাজ চলছে। এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে তথ্যও পাওয়া যায়নি।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!