ডেঙ্গুর প্রকোপ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এ কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

এ সময় ইউএনও গালিব চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, দীর্ঘ সময় কোনো স্থানে পানি জমে থাকতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে স্থানীয়দের সচেতন করেন।

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার কার্যক্রম যথেষ্ট নয়; এজন্য প্রতিটি নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার উল্লেখ করে সবাইকে সম্মিলিতভাবে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত চুনারুঘাট গড়ে তুলতে আহ্বান জানানো হয়।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!