নওগাঁর মান্দায় সরকারি অর্থায়নে নির্মাণাধীন একটি সড়কের কাজে নিম্নমানের ইট ও বালি ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘বরেন্দ্র কনস্ট্রাকশন’-এর বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, নির্ধারিত মান বজায় না রেখে সড়ক নির্মাণ করা হলে অল্প সময়ের মধ্যেই সেটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা হিন্দুপাড়া পাকা রাস্তা থেকে দক্ষিণ কোচড়া বাদলঘাটা পর্যন্ত প্রায় ১ হাজার ৭৩০ মিটার সড়ক নির্মাণের কাজ চলছে। সরকারি অর্থায়নে নেওয়া এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬৮ লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নির্ধারিত মান অনুযায়ী ইটের খোয়া ও বালি ব্যবহারের কথা থাকলেও নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে সড়কের সাব-বেস ও বেস তৈরির কাজে বালি ও খোয়া নির্ধারিত অনুপাতে ব্যবহার করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তাঁরা।
কোচড়া বাদলঘাটা গ্রামের বাসিন্দা শামসুল আলম মোল্লা বলেন, “ঠিকাদার কাজ শেষ করে চলে যাবেন, কিন্তু এই রাস্তায় আমাদেরই চলাচল করতে হবে। নিম্নমানের উপকরণ দিয়ে কাজ হলে রাস্তাটি বেশিদিন টিকবে না। এতে সরকারের অর্থের অপচয় হবে।”
একই গ্রামের মহিদুল ইসলাম বলেন, “রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। সরকার প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু যেভাবে কাজ হচ্ছে, তাতে আগের কাঁচা রাস্তাই ভালো ছিল বলে মনে হচ্ছে। কাজের মান ঠিক না হলে ভবিষ্যতে সড়কটি আরও দুর্ভোগের কারণ হতে পারে।”
কান্তি কুমার সরকার বলেন, “সরকারি কাজে মানসম্মত উপকরণ ব্যবহার করা উচিত। কিন্তু এখানে নিম্নমানের ইট ব্যবহার করে কাজ করা হচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আপত্তি রয়েছে।”
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত মোছা. পারুলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, এ প্রকল্পে এ পর্যন্ত তাঁর প্রায় ২৪ লাখ টাকা লোকসান হয়েছে। তাঁর ভাষ্য, স্থানীয়দের সঙ্গে আলোচনা ও অনুমতি নিয়েই ব্যবহৃত উপকরণ দিয়ে কাজ করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিভাগীয় প্রধান প্রকৌশলীর লিখিত অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, স্থানীয় বাসিন্দারা নির্মাণকাজের মান যাচাইয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শন দাবি করেছেন। একই সঙ্গে প্রকল্পের নির্ধারিত নকশা ও কার্যাদেশ অনুযায়ী উপকরণ ব্যবহার এবং কাজের গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!