খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ সেপ্টেম্বর) জেলা শহরে শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে সংগঠনটির জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে খাগড়াছড়ি ঈদগাহ মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে পরে আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক মাওলানা সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পাশের দেশে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ১৯৮৬ ও ২০০৬ সালের হাসিনার দোসররা লং মার্চের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেও বক্তব্যে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক কাজী মাওলানা এম এ হান্নান জিলানী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠার পটভূমি, দীর্ঘদিনের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় সংগঠনটির ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় জাতীয়তাবাদী ওলামা দলের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!