জীবনের সুখ-দুঃখে একজন ভালো বন্ধু, সঙ্গী কিংবা পথপ্রদর্শককে পাশে পাওয়া সত্যিই সৌভাগ্যের। সম্পর্ক শুধু ভালো লাগা কিংবা আবেগের নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে পারস্পরিক যত্ন, দায়িত্ব, বিশ্বাস ও ভালোবাসা। প্রিয় সেই মানুষটিকে একটু বিশেষভাবে ধন্যবাদ কিংবা ভালোবাসা জানানোর দিন হিসেবে আজ ৩ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব বয়ফ্রেন্ড দিবস।
এই দিনকে ঘিরে বিশ্বজুড়ে তরুণ-তরুণীরা প্রিয় মানুষের জন্য নানা পরিকল্পনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ছবি, আবেগঘন ক্যাপশন আর ভালোবাসার নানা প্রকাশ।
এই দিবসের কোনো প্রাতিষ্ঠানিক বা রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। তবে প্রচলিত তথ্য অনুযায়ী, ২০১৪ সালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে বিশ্ব বয়ফ্রেন্ড দিবসের প্রচলন শুরু হয়। পরে ২০১৬ সালের দিকে দিবসটি আরও পরিচিতি পেতে থাকে। গার্লফ্রেন্ড ডে উদযাপনের আদলেই ছেলেদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশের উপলক্ষ হিসেবে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে।
বর্তমানে যেকোনো দিবসের জনপ্রিয়তা বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যম বড় ভূমিকা রাখে। বিশ্ব বয়ফ্রেন্ড দিবসও এর ব্যতিক্রম নয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রিয় মানুষকে ঘিরে ছবি, ভিডিও, স্টোরি ও নানা ধরনের পোস্ট দেখা যায়।
অনেকে সম্পর্কের শুরুর সময়ের ছবি ও বর্তমানের ছবি পাশাপাশি রেখে স্মৃতিচারণ করছেন। কেউ আবার প্রিয় মানুষের হাত ধরা, কফির কাপ হাতে আবছা অবয়ব কিংবা শুধু পেছন থেকে তোলা ছবি দিয়ে ভালোবাসার অনুভূতি প্রকাশ করছেন। আবার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনতে না চাওয়া অনেকেই ইঙ্গিতপূর্ণ ছবি বা ছোট্ট ক্যাপশনের মাধ্যমেও দিনটি উদযাপন করছেন।
অন্যদিকে সম্পর্কের বাইরে থাকা মানুষদের নিয়েও চলছে মজার নানা পোস্ট ও মিম। ফলে বিশ্ব বয়ফ্রেন্ড দিবসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন ভালোবাসার প্রকাশ দেখা যাচ্ছে, তেমনি তৈরি হয়েছে হাস্যরসের পরিবেশও।
তবে ভালোবাসা প্রকাশের জন্য শুধু সামাজিক যোগাযোগমাধ্যমই নয়, প্রিয় মানুষকে সময় দেওয়াও হতে পারে বিশেষ উপহার। ব্যস্ত জীবনে একসঙ্গে কিছুটা সময় কাটানো অনেকের কাছেই সবচেয়ে মূল্যবান হয়ে উঠতে পারে। প্রিয় মানুষের পছন্দের বই, গ্যাজেট, সুগন্ধি কিংবা হাতে লেখা একটি চিঠি উপহার দিতে পারেন। চাইলে পছন্দের কোনো রেস্তোরাঁয় একসঙ্গে খাওয়া, লং ড্রাইভে যাওয়া কিংবা ঘরে বসে প্রিয় সিনেমা দেখেও দিনটি কাটানো যায়।
সম্পর্ক নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, অনেক পুরুষই নিজেদের অনুভূতি বা কষ্ট সহজে প্রকাশ করেন না। ফলে সম্পর্কে তাঁদের যত্ন ও আবেগ অনেক সময় প্রকাশের আড়ালে থেকে যায়। এমন একটি উপলক্ষ তাঁদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি করতে পারে।
তবে ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে উপহারের মূল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। প্রিয় মানুষটি জীবনে গুরুত্বপূর্ণ—এ কথাটি আন্তরিকভাবে জানানোই অনেক সময় বড় হয়ে ওঠে। একটি ছোট্ট বাক্য—‘তুমি আমার জীবনে আছ, এ জন্য আমি কৃতজ্ঞ’—প্রিয় মানুষের দিনটিকে বিশেষ করে তুলতে পারে।
তাই আজকের দিনে বড় কোনো আয়োজনের চেয়েও গুরুত্বপূর্ণ হতে পারে প্রিয় মানুষটির পাশে থাকা, তাঁর কথা শোনা এবং তাঁকে নিজের জীবনে তাঁর গুরুত্বের কথা জানানো। কারণ সম্পর্ক টিকে থাকে শুধু বিশেষ দিনের উদযাপনে নয়, প্রতিদিনের যত্ন, সম্মান ও পারস্পরিক বোঝাপড়ায়।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!