৫১তম বিশেষ বিসিএসের অনলাইন আবেদন, আবেদন ফি পরিশোধ ও প্রবেশপত্র সংগ্রহের বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। কমিশনের নির্ধারিত ওয়েবসাইটের পাশাপাশি টেলিটকের ওয়েবসাইটেও এসব নির্দেশনা পাওয়া যাচ্ছে।

৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে। সাধারণ প্রার্থীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০৫ টাকা। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি ৫৫ টাকা।

অনলাইনে আবেদন করতে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। এ সময় এসএসসি বা সমমান পরীক্ষার রোল ও নিবন্ধন নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সাল দিতে হবে। শিক্ষা বোর্ডের ডেটাবেইসের সঙ্গে এসব তথ্য যাচাইয়ের পর প্রার্থীর নাম, বাবা-মায়ের নামসহ প্রয়োজনীয় কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফরমে যুক্ত হবে। এসব তথ্য পরবর্তী সময়ে পরিবর্তনের সুযোগ থাকবে না।

আবেদন ফরমে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও ক্যাডার পছন্দ—এই তিনটি অংশ থাকবে। ব্যক্তিগত তথ্যের অংশে জন্মতারিখ, লিঙ্গ, চাকরির অবস্থা, কোটা, বৈবাহিক অবস্থা, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা পাসপোর্ট নম্বর, উচ্চতা, ওজন ও বুকের মাপ দিতে হবে।

শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১৫২ দশমিক ৪০ সেন্টিমিটার এবং ওজন ৪৮ দশমিক ৯৯ কেজি হতে হবে। নারী প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১৪৭ দশমিক ৩২ সেন্টিমিটার এবং ওজন ৪০ দশমিক ৮২ কেজি নির্ধারণ করা হয়েছে।

৫১তম বিশেষ বিসিএসে দুটি পদে নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন পদের ক্যাডার কোড ৪১০ এবং সহকারী ডেন্টাল সার্জন পদের কোড ৪৫০। সহকারী সার্জন পদের জন্য এমবিবিএস এবং সহকারী ডেন্টাল সার্জন পদের জন্য বিডিএস ডিগ্রির তথ্য দিতে হবে।

সব তথ্য পূরণ করার পর ‘অ্যাপ্লিকেশন প্রিভিউ’ দেখে আবেদনকারীকে তথ্যগুলো যাচাই করে নিতে হবে। কোনো ভুল থাকলে এ পর্যায়েই তা সংশোধন করতে হবে। এরপর নির্ধারিত নিয়মে ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

আবেদনের ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট। স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট। আবেদন ফি পরিশোধ করার পর আর কোনো তথ্য সংশোধনের সুযোগ থাকবে না বলে জানিয়েছে বিপিএসসি।

আবেদন ফি টেলিটকের প্রিপেইড নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে। সাধারণ প্রার্থীদের মূল আবেদন ফি ২০০ টাকা। শিক্ষা বোর্ডের তথ্য যাচাইয়ের চার্জ ও ভ্যাটসহ মোট ২০৫ টাকা দিতে হবে। অন্য শ্রেণির প্রার্থীদের মূল ফি ৫০ টাকা। যাচাই চার্জসহ তাদের মোট দিতে হবে ৫৫ টাকা।

ফি পরিশোধের পর প্রার্থীকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তী সময়ে ওই পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। কোনো প্রার্থী পাসওয়ার্ড হারিয়ে ফেললে এসএমএসের মাধ্যমে তা পুনরুদ্ধারের সুযোগ থাকবে।

বিপিএসসি জানিয়েছে, আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির করা হলে তা প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অনলাইনে আবেদনসংক্রান্ত কোনো সমস্যায় টেলিটকের নম্বর থেকে ১২১-এ কল করে প্রথমে ৮ এবং পরে ১ চাপলে হেল্পলাইনের সহায়তা পাওয়া যাবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!