বাগেরহাট জেলা কারাগারে খাবার খাওয়ার সময় গলায় রুটি কলা আটকে চাঁন মিয়া ফকির (৪৪), পিতা: মৃত হেলাল উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মোড়েলগঞ্জ উপজেলার ১১ নম্বর বহরবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি মোড়েলগঞ্জ থানার একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে বাগেরহাট জেলা কারাগারে হাজতি আসামি হিসেবে ছিলেন। তাঁর হাজতি নম্বর ৪২৪১/২৬।

শুক্রবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাঁকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে খাবার খাওয়ার সময় চাঁন মিয়ার খাদ্যনালীতে খাবার আটকে যায়। এ সময় কারারক্ষীরা তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার মোঃ মোস্তফা কামাল বলেন, সকালে খাবার খাওয়ার সময় ওই হাজতির গলায় খাবার আটকে যায়। বিষয়টি জানার পর কারারক্ষীরা তাঁকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!