বাগেরহাটের ফকিরহাটে ৩৪ কেজি চোরাই তামার তার ও একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. শফিকুল সরদার (২৮) মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে দলীয় সূত্রে জানা গেছে।
গ্রেপ্তার অপর দুজন হলেন মো. সাদ্দাম হোসেন (৩৫) ও মো. সাদিন ইসলাম (২১)। তাঁরা সবাই মোংলা উপজেলার স্থানীয় বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে মাদক ও অন্যান্য অপরাধবিরোধী অভিযান চলাকালে ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পিলজং গ্রামের কাটাখালী-মোংলা মহাসড়কের একটি পাওয়ার ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। রাত সোয়া ১১টার দিকে একটি মোটরসাইকেল সেখানে এলে পুলিশ থামার সংকেত দেয়।
এ সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁদের আটক করে। পরে মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের সঙ্গে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে ১৬ কেজি ও ১৮ কেজি—মোট ৩৪ কেজি তামার তার উদ্ধার করা হয়। এ সময় কালো রঙের একটি অ্যাপাচি মোটরসাইকেলও জব্দ করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা তামার তারগুলো চোরাই এবং বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশকে জানান। পুলিশের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে তামার তার চুরি করে ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
এ ঘটনায় ফকিরহাট থানায় দণ্ডবিধির ৩৭৯, ৪১১ ও ৪১৩ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “চোরাই তামার তারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। উদ্ধার করা মালামাল জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
শফিকুল সরদারের দলীয় পরিচয়ের বিষয়ে মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল সাব্বির বলেন, শফিকুল সরদারের গ্রেপ্তারের বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। অভিযোগটি তদন্তাধীন। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মোংলা থানায় মাদক ও চোরাই মালসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। চোরাই তামার তারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!