ভারতের টু-হুইলার বাজারে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে নতুন দুটি ম্যাক্সি স্কুটার নিয়ে এল জনপ্রিয় ইতালীয় ব্র্যান্ড এপ্রিলিয়া। সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে নতুন ‘এপ্রিলিয়া এসএক্সআর জিটি ১২৫’ এবং ‘এসএক্সআর জিটি ১৭৫’ নামের দুটি স্কুটার। স্পোর্টি ডিজাইন, বড়সড় ম্যাক্সি স্কুটার লুক, আরামদায়ক রাইডিং পজিশন এবং এসআর সিরিজের ইঞ্জিনের সমন্বয়ে তৈরি এই স্কুটার দুটি নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তবে বর্তমানে মডেল দুটি শুধু উন্মোচন পর্যায়ে রয়েছে। ফলে এর সঠিক দাম এবং বাজারে কবে থেকে বিক্রি শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

নতুন দুই স্কুটারের ডিজাইনেই রয়েছে আধুনিক ও বোল্ড লুক। উভয় মডেলেই দেওয়া হয়েছে উঁচু উইন্ডস্ক্রিন, স্প্লিট এলইডি হেডলাইট ও এলইডি ডিআরএল। রাস্তায় চলাচলের সময় ব্যালান্স ও প্রিমিয়াম লুকের জন্য রয়েছে বড় আকারের ১৪ ইঞ্চি অ্যালয় হুইল।

কালার অপশনের ক্ষেত্রে এসএক্সআর জিটি ১২৫ পাওয়া যাবে ম্যাট ব্ল্যাক, গ্লসি আজ্জুরো এবং গ্লসি হোয়াইট—এই তিনটি রঙে। অন্যদিকে এসএক্সআর জিটি ১৭৫ মডেলে থাকছে মেটালিক ব্লু, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট গ্রিন রঙের বিকল্প।

পারফরম্যান্সের জন্য এপ্রিলিয়ার এসআর সিরিজের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুই মডেলেই। এসএক্সআর জিটি ১২৫-এ রয়েছে ১২৫ সিসির ইঞ্জিন, যা ১০.৬ পিএস শক্তি এবং ১০.৪ এনএম টর্ক উৎপন্ন করে। দৈনন্দিন শহুরে যাতায়াতের কথা মাথায় রেখেই এই ইঞ্জিন তৈরি করা হয়েছে।

অন্যদিকে এসএক্সআর জিটি ১৭৫-এ রয়েছে ১৭৫ সিসির ইঞ্জিন। এটি ১৩.৩ পিএস শক্তি এবং ১৪.১৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ফলে দীর্ঘ পথ ও তুলনামূলক বেশি গতির ক্ষেত্রে বড় মডেলটি বাড়তি পারফরম্যান্স দিতে পারবে।

সাসপেনশন ও ব্রেকিংয়ের ক্ষেত্রে দুই স্কুটারেই সামনে টেলিস্কোপিক ফর্ক, পিছনে মনোশক এবং সামনে ২২০ মিলিমিটার ডিস্ক ও পিছনে ১৪০ মিলিমিটার ড্রাম ব্রেক রাখা হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রে এসএক্সআর জিটি ১৭৫-এ রয়েছে সিঙ্গল-চ্যানেল এবিএস। অন্যদিকে এসএক্সআর জিটি ১২৫ মডেলে দেওয়া হয়েছে সিবিএস বা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম।

ফিচারের দিক থেকেও দুই মডেলের মধ্যে পার্থক্য রয়েছে। এসএক্সআর জিটি ১৭৫-এ রয়েছে ৫ ইঞ্চি টিএফটি কনসোল, স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন নেভিগেশন ও কল অ্যালার্টের মতো আধুনিক প্রযুক্তি। আর এসএক্সআর জিটি ১২৫ মডেলে রয়েছে ৫ ইঞ্চি এলসিডি কনসোল।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!