দিনাজপুরের বিরামপুরে ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ছে নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপ। দিনে প্রচণ্ড গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৫০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হওয়ায় দেখা দিয়েছে শয্যাসংকট। বাধ্য হয়ে অনেক রোগীকে মেঝে ও বিকল্প শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহরিয়ার পারভেজ বলেন, মধ্য আশ্বিনে আবহাওয়ার পরিবর্তনের কারণে এলাকায় বিভিন্ন মৌসুমি রোগের প্রাদুর্ভাব বেড়েছে। নারী, শিশু ও বয়স্কদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ এসব রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৬০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। জরুরি বিভাগেও প্রতিদিন ১১০ থেকে ১২০ জন রোগী চিকিৎসা নিতে আসছেন। পাশাপাশি প্রতিদিন গড়ে ছয় থেকে সাতজন প্রসূতির স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) করানো হচ্ছে।

চিকিৎসকেরা জানান, সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট (অ্যাজমা), ডায়রিয়া ও পেটব্যথার রোগীর সংখ্যা বেড়েছে। এ ছাড়া কিডনি, হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরাও আবহাওয়ার পরিবর্তনে বিভিন্ন জটিলতায় পড়ছেন।

হাসপাতালে আসা কম আক্রান্ত রোগীদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর অসুস্থ ৭০ থেকে ৮০ জন রোগীকে প্রতিদিন হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। ৫০ শয্যার হাসপাতালে নির্ধারিত আসনের চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ায় শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে কিংবা বিকল্প শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরএমও ডা. শাহরিয়ার পারভেজ বলেন, হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় ওষুধের ব্যবহারও বেড়েছে। ফলে ওষুধের মজুত কিছুটা কমে এলেও আপাতত সংকটের আশঙ্কা নেই। মৌসুমি রোগ থেকে সুরক্ষিত থাকতে নারী, শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেন তিনি।

অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল আজিজ বলেন, তাঁর মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসেবা পাওয়ার পর তার মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ঋতু পরিবর্তনের এ সময়ে চিকিৎসকেরা স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশুদ্ধ পানি পান করা এবং অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!