খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, মাটিরাঙ্গার মনোরমের টিলা টিওবি থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে জানমারাটিলা ডাউন এলাকায় বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির টহলদলের উপস্থিতি বুঝতে পেরে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা তাদের বহন করা মালামাল ফেলে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়।
পরে শুক্রবার ভোরে ওই এলাকায় পুনরায় তল্লাশি চালানো হলে পাঁচটি পরিত্যক্ত বস্তার সন্ধান পাওয়া যায়। বস্তাগুলো খুলে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের ৩১ বোতল ভারতীয় মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ভারতীয় মনো সিগারেটের ৪৭ কার্টন উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ৩২ বিজিবি। ব্যাটালিয়নটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব জানান, উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।
বিজিবি আরও জানায়, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও অন্যান্য মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!