‘কৃষক কার্ড হাতে থাকলে, সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে কৃষকদের মাঝে ‘কৃষক স্মার্ট কার্ড’ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারাদেশে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদারসহ সরকারি কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার পতিসর ব্লকের উপকারভোগী প্রান্তিক কৃষকদের হাতে প্রতীকী কৃষক স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে আত্রাইয়ের নির্বাচিত কৃষকদের মধ্যে কার্ড বিতরণ কার্যক্রম শুরু হলো।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!