বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকৌশল, অপারেশন, এভিওনিক্স, গ্রাউন্ড সার্ভিস, টেকনিক্যাল ওয়ার্কশপ, মেডিকেল, ফায়ার সেফটি ও এয়ারক্রাফট মেকানিকসহ বিভিন্ন পদ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সের শর্ত আলাদা। আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল), সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনাল টেকনিক্যাল), সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন), সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস), সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিক্স), সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল টেকনোলজিস্ট, এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেইজ মেইনটেন্যান্স) এবং জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন পদ রয়েছে।
এর মধ্যে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে ১৫৪টি এবং এয়ারক্রাফট মেকানিক পদে ৫০টি পদ রয়েছে। গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্নাতক ডিগ্রি, কম্পিউটার জ্ঞান, মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা এবং ইংরেজিতে কথা বলার সক্ষমতা চাওয়া হয়েছে। অন্যদিকে এয়ারক্রাফট মেকানিক পদে CAAB/EASA Part 147 অনুমোদিত B1.1 (Aircraft Turbine) অথবা B2 (Avionics) কোর্স সম্পন্ন করার শর্ত রয়েছে। এ পদে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.৫ এবং এইচএসসিতে পদার্থবিজ্ঞান ও গণিতে ন্যূনতম জিপিএ ৩.৫ চাওয়া হয়েছে।
মেডিকেল টেকনোলজিস্ট পদে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল টেকনোলজি (ল্যাব) বিষয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকার শর্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে, অধিকাংশ পদের প্রার্থীদের বয়স ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে একই তারিখে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদপত্র বিবেচনা করা হবে এবং এ ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন করার পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে আত্মীকরণের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত অনলাইন পোর্টালে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ অক্টোবর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। তবে অনলাইনে আবেদনপত্র Submit করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময় প্রার্থীকে নির্ধারিত স্থানে রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল উল্লেখ করা হয়েছে। ছবির সর্বোচ্চ সাইজ ১০০ কিলোবাইট এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ ৬০ কিলোবাইট হতে হবে।
পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা, ৭ থেকে ৮ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা এবং ১৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা আবেদন ফি উল্লেখ রয়েছে। নির্ধারিত নিয়মে শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। একই দিনে একাধিক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে একাধিক পদে আবেদন করলে প্রার্থীকে নিজ দায়িত্বে পরীক্ষায় অংশ নিতে হবে।
নিয়োগসংক্রান্ত সংশোধন বা সংযোজন থাকলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রবেশপত্রের তথ্যও নির্ধারিত ওয়েবসাইট ও যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!