সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের দায়ে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার বাড়ি থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মনিরুল ইসলাম (৪৫) উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের সময় মনিরুল ইসলামের বাড়ি থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধভাবে সার মজুদের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সার ডিলার মনিরুল ইসলাম তার গুদাম থেকে বাড়িতে নিয়ে এসব সার মজুদ করছিলেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইনে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মনিরুল ইসলাম উপজেলার ছোট ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সূত্র: The Daily Ittefaq
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!