টেলিভিশন সাংবাদিকদের জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দেশগঠন ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সাক্ষাতে দেশের সম্প্রচার সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণতান্ত্রিক উত্তরণ ও পুনঃপ্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে গণমাধ্যমের প্রতিনিধিদের ভূমিকার কথা স্মরণ করেন। তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তাদের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, দেশে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে গণতন্ত্রচর্চা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। দীর্ঘ সংগ্রামের পর নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে ক্ষুদ্র ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, শুধু টেলিভিশন চ্যানেলের সংখ্যা বাড়ালেই হবে না, এর গুণগত মানও বজায় রাখতে হবে। গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে নীতিনির্ধারকদের দীর্ঘমেয়াদি ও দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনার মাধ্যমে সমস্যাগুলো মোকাবিলার আহ্বান জানান।

টেলিভিশন চ্যানেলগুলোর টেকসই কার্যক্রম নিশ্চিত করতে ডিজিটালাইজেশন ও স্বনির্ভরতার ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাক্ষাতে বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন সংগঠনটির কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিজেসি সম্প্রচার সাংবাদিকদের পেশাগত গুণগত মান বজায় রাখতে প্রশিক্ষণসহ সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে স্বাস্থ্যসহায়তা ও বিমাসহ বিভিন্ন সুবিধাও রয়েছে।

বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ টেলিভিশন চ্যানেলগুলোর স্বাধীনতা ও সক্ষমতা বাড়াতে রাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বিজেসির কল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির আয়বৃদ্ধিমূলক কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন।

সৌজন্য সাক্ষাতে বিজেসির প্রতিনিধি হিসেবে ফাহিম আহমেদ, ইলিয়াস হোসেন, তালাত মামুন, মাহমুদ হাসান, শরিফুল ইসলাম খান, শাহ আজিজুর রহমান কিরণ, জামানুল ফেরদৌস মানু, বেলায়েত হোসেন, নায়লা পারভীন পিয়া ও সাইফুল শাকিল উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব ও সহকারী সামরিক সচিবও উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!