বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিভিন্ন ডিপোর স্টোর ও পিএলও শাখার কার্যক্রম পরিদর্শনের জন্য কর্মকর্তাদের সফরসূচি প্রকাশ করা হয়েছে। স্টোর ব্যবস্থাপনা উন্নয়ন ও করপোরেশনের অর্থের অপচয় কমানোর লক্ষ্যে এ পরিদর্শন করা হবে।
বিআরটিসির জেনারেল ম্যানেজার (এডমিন ও পার্সোনেল) স্বাক্ষরিত ১ অক্টোবর ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ সফরসূচি প্রকাশ করা হয়।
আদেশে বলা হয়েছে, প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় স্টোরের কর্মকর্তারা নির্ধারিত তারিখ ও ভ্রমণসূচি অনুযায়ী বিভিন্ন ডিপো পরিদর্শন করবেন। পরিদর্শনের সময় সংশ্লিষ্ট ডিপোর স্টোর ও পিএলও শাখার ক্রয় কার্যক্রম, বিধি অনুসরণ, যন্ত্রাংশ, ব্যাটারি, টায়ার ও লুব্রিকেন্টের ভ্যাট-ট্যাক্স পরিশোধ এবং ক্রয় করা সামগ্রীর সংশ্লিষ্ট রেজিস্টার সংরক্ষণ করা হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হবে।
এ ছাড়া অকেজো যন্ত্রাংশ, ব্যাটারি ও টায়ার এবং পুরোনো মবিল সংরক্ষণের প্রক্রিয়া ও সেগুলো বিক্রয়ের সার্বিক অবস্থাও পরিদর্শন করা হবে। পরিদর্শন শেষে এসব বিষয়ে বিস্তারিত প্রতিবেদন বিআরটিসির চেয়ারম্যানের কাছে দাখিল করতে বলা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, ৪ অক্টোবর নরসিংদী ডিপো দিয়ে পরিদর্শন কার্যক্রম শুরু হবে। এরপর ৮ অক্টোবর গাজীপুর, ১৩ ও ১৪ অক্টোবর রংপুর ও দিনাজপুর, ২৫ অক্টোবর ঢাকার একটি ডিপো, ১ ও ২ নভেম্বর সোনাপুর ও কুমিল্লা, ৭ ও ৮ নভেম্বর সিলেট, ১১ ও ১২ নভেম্বর টঙ্গীপাড়া ও খুলনা এবং ১৬ নভেম্বর বরিশাল ডিপো পরিদর্শনের সূচি রয়েছে।
এরপর ২১ নভেম্বর রাজশাহী, ২৩ নভেম্বর পাবনা ও ২৪ নভেম্বর বগুড়া ডিপো পরিদর্শন করা হবে। সর্বশেষ ২৮ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রাম ট্রাক ও বাস ডিপোর স্টোর ও পিএলও শাখা পরিদর্শনের কথা রয়েছে।
পরিদর্শনকারী কর্মকর্তাদের মধ্যে স্টোর অফিসার মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং সংশ্লিষ্ট স্টোরম্যান ও কর্মচারীরা রয়েছেন। সফরসূচিতে বিভিন্ন ডিপোতে পৌঁছানো, পরিদর্শনের সময় এবং পরিদর্শন শেষে ঢাকায় ফেরার সময়ও উল্লেখ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, ভ্রমণ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রচলিত বিধি অনুযায়ী টিএ/ডিএ প্রাপ্য হবেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!