নওগাঁর ধামইরহাটে পূর্বশত্রুতার জেরে প্রায় দুই একর জমির ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। ধান কাটার মাত্র কয়েক সপ্তাহ আগে এমন ঘটনায় কৃষক আতোয়ার হোসেন ও হাবিবুর রহমান পড়েছেন বড় ধরনের ক্ষতির মুখে।

ঘটনাটি ঘটেছে উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া (কয়রাপাড়া) গ্রামে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাদের ধানক্ষেতে ফসল নষ্টকারী কীটনাশক ছিটিয়ে দেয়। সকালে জমিতে গিয়ে তারা দেখতে পান, ধানের গাছগুলো শুকিয়ে যেতে শুরু করেছে।

কৃষকদের দাবি, ধান কাটার জন্য আর মাত্র ১৫ থেকে ২২ দিন অপেক্ষা করতে হতো। কয়েক মাসের শ্রম, অর্থ ও পরিচর্যার পর যখন ফসল ঘরে তোলার প্রস্তুতি চলছিল, ঠিক তখনই বিষ প্রয়োগে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়।

কৃষক আতোয়ার হোসেন বলেন, আমরা কৃষক মানুষ, ধানই আমাদের সম্বল। এই ধানের ওপরই আমাদের পরিবারের সবকিছু নির্ভর করে। পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে আমাদের ধানক্ষেতে বিষ দিয়ে ফসল নষ্ট করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, কৃষকের দীর্ঘদিনের পরিশ্রমে বেড়ে ওঠা ফসল কাটার আগমুহূর্তে এভাবে নষ্ট হওয়ায় পরিবারগুলো আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ধামইরহাট থানায় আটজনকে আসামি করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিন্টু রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!