নারীরা আজ আর সমাজ বা পরিবারের বোঝা নয়, মেধা, শ্রম ও একাগ্রতা দিয়ে তারা প্রতিটি ক্ষেত্রে দেশের গৌরব ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

রাণীনগর মহিলা কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, শিক্ষা থেকে শুরু করে দেশ পরিচালনাসহ প্রশাসন, চিকিৎসা, অর্থনীতি ও ক্রীড়াজগতে নারীরা এখন দেশের নাম উজ্জ্বল করছে। উদাহরণ টেনে তিনি জানান, বর্তমানে দেশে চিকিৎসাবিদ্যায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ৫৫ শতাংশই ছাত্রী। বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শীর্ষ প্রতিষ্ঠানেও তারা যোগ্যতার স্বাক্ষর রাখছে। নবীন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে তিনি রাণীনগর মহিলা কলেজের অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং প্রতিষ্ঠানটি সরকারীকরণের প্রতিশ্রুতি দেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি ডঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!