নরসিংদীর মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন উপজেলা থেকে আয়োজিত এ কার্যক্রমের অংশ হিসেবে মনোহরদীতেও সরাসরি সম্প্রচারের মাধ্যমে জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সংশ্লিষ্টরা।

মনোহরদীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, নরসিংদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার, মনোহরদী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বাদশা এবং মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।

অনুষ্ঠানে কৃষকদের জন্য সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম সহজতর করতে কৃষক কার্ডের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, সেচ সুবিধা এবং কৃষি প্রশিক্ষণসহ বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছর দেশের ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর দ্বিতীয় ধাপের পাইলটিং কার্যক্রমে ১ লাখ ৪৭ হাজার কৃষকের মধ্যে কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!