দীর্ঘদিন ধরে অভিনয় করলেও নতুন সিনেমার শুটিং শুরুর আগে অজানা এক ধরনের ভয় ও উদ্বেগ কাজ করে ভারতের টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর মনে। নতুন চরিত্র, নতুন সেট ও নতুন সহকর্মীদের সঙ্গে কাজ শুরুর আগে এই অস্বস্তি এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন মিমি। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করলেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগে তার মনে এক ধরনের অজানা ভয় তৈরি হয়। এমনকি শুটিংয়ের আগের রাতেও ঠিকমতো ঘুমাতে পারেন না তিনি।

মিমি জানান, নতুন সিনেমার প্রথম দিন তিনি সাধারণত কিছুটা আগেভাগেই সেটে পৌঁছে যান। সেখানে গিয়ে কারা কাজ করছেন, সবাই প্রস্তুত কি না এবং পুরো পরিবেশ কেমন—এসব আগে থেকে দেখে নেন। এতে নতুন জায়গা ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয় এবং তার অস্বস্তিও কিছুটা কমে।

অভিনেত্রীর ভাষ্য, শুটিং শুরুর আগে পরিবেশ ও সহকর্মীদের সঙ্গে পরিচিত হয়ে নেওয়া তাকে মানসিকভাবে স্বস্তি দেয়। তাই প্রথম দিন অন্যদের তুলনায় একটু আগে সেটে পৌঁছানোর চেষ্টা করেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনের পরও নতুন কাজের শুরুতে এমন অনুভূতি হওয়াকে নিজের স্বাভাবিক অভিজ্ঞতা হিসেবেই দেখেন মিমি। নতুন চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়া এবং নতুন দলের সঙ্গে কাজ করার আগে এই প্রস্তুতি তার উদ্বেগ কমাতে সাহায্য করে।

এদিকে আগামী দুর্গাপূজায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করবেন মিমি চক্রবর্তী।

এর আগে ‘রক্তবীজ’ সিনেমায়ও একসঙ্গে অভিনয় করেছেন মিমি ও আবির। নতুন সিনেমায় আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!