জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ২৩টি ক্যাটাগরিতে ৯ম থেকে ১৮তম গ্রেডে মোট ৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী প্রকৌশলী (সিভিল) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এ পদের গ্রেড-৯ এবং বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। আবেদনকারীর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে চারজন এবং উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে একজন নিয়োগ দেওয়া হবে। দুটি পদই গ্রেড-১০-এর। বেতন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা। সিভিল পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং বিদ্যুৎ পদের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
সাউন্ড সিস্টেম অপারেটর পদে একজনকে গ্রেড-১৩-এ নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা। এ জন্য এসএসসি পাস এবং সাউন্ড সিস্টেম বা অডিও-ভিজ্যুয়াল যন্ত্রপাতি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ইলেকট্রিশিয়ান পদে চারজন, এয়ারকুলার টেকনিশিয়ান একজন, বৈদ্যুতিক সাবস্টেশন কেয়ারটেকার একজন, ফটোকপিয়ার অপারেটর বা ফটোকপিয়ার টেকনিশিয়ান দুজন, লিফটম্যান পাঁচজন, কার্পেন্টার বা কাঠমিস্ত্রি দুজন, প্লাম্বার একজন এবং রাজমিস্ত্রি একজন নিয়োগ পাবেন। এসব পদের অধিকাংশই গ্রেড-১৬-এর এবং বেতন ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা। তবে জেনারেটর টেকনিশিয়ান ও ফায়ারম্যান পদে বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা।
এ ছাড়া পাম্প ডাইভার, প্রজেক্টর ও মাইক্রোফোন অপারেটর, সহকারী ইলেকট্রিশিয়ান, জেনারেটর অপারেটর, কার্পেন্টার হেলপার, সহকারী প্লাম্বার, সহকারী ফায়ারম্যান, সহকারী রাজমিস্ত্রি এবং সহকারী ফটোকপি টেকনিশিয়ান পদেও নিয়োগ দেওয়া হবে। এসব পদ গ্রেড-১৮-এর এবং বেতন ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা।
নিয়োগ বিজ্ঞপ্তিতে পদভেদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। কয়েকটি পদে অষ্টম শ্রেণি পাস, কয়েকটিতে এসএসসি বা এসএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা এবং একটি পদে স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু পদের জন্য সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন।
বয়সসীমার ক্ষেত্রে ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ১ থেকে ৩ নম্বর পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছর এবং ৪ থেকে ২৩ নম্বর পদের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীরা ১৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি পদভেদে ৫০, ১০০ ও ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি ৯ সেট ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। কাগজপত্র ‘রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪’ ঠিকানায় ১৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!