মাদকদ্রব্যের অপব্যবহার ও বাল্যবিবাহ প্রতিরোধে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলার কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ কিংবা বাল্যবিবাহের আয়োজনের তথ্য জানালে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ এবং বাল্যবিবাহের আয়োজন বা উদ্যোগের তথ্য জানা থাকলে ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে জেলা প্রশাসনকে জানানো যাবে। পাওয়া তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। স্থানীয় পর্যায় থেকে এসব অপরাধের তথ্য দ্রুত প্রশাসনের কাছে পৌঁছালে সময়মতো ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, মাদক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় ধরনের হুমকি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। কেউ কোথাও মাদকদ্রব্যের ব্যবহার, বিক্রি বা সরবরাহ কিংবা বাল্যবিবাহের আয়োজনের তথ্য জানতে পারলে ‘হ্যালো ডিসি’র মাধ্যমে তা জানাতে পারবেন।

তিনি বলেন, তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দায়িত্বশীলভাবে তথ্য দিয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করা ব্যক্তিদের উৎসাহিত করতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনগণের অংশগ্রহণ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ নিজ নিজ এলাকার সমস্যা ও অপরাধের তথ্য সরাসরি জেলা প্রশাসনের কাছে পৌঁছে দিতে পারবেন।

তথ্য দিতে ‘hellodc.bd’ ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। পাশাপাশি গুগল প্লে স্টোর থেকে ‘হ্যালো ডিসি’ অ্যাপ ডাউনলোড করেও তথ্য জানানো যাবে। প্রশাসনের দাবি, সঠিক তথ্যদাতার পরিচয় গোপন রেখে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি তথ্যদাতার ঠিকানায় উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে।

ঢাকা জেলা প্রশাসনের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে। একই সঙ্গে অপরাধ সংঘটনের আগেই তথ্য পাওয়ার মাধ্যমে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!

ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!