বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে। গবেষণা ও শিক্ষা সহযোগিতা প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ ৬০ হাজার ইউরো পর্যন্ত অনুদান দেওয়ার লক্ষ্যে প্রস্তাব আহ্বান করেছে Asi@Connect Phase 2। এ উদ্যোগের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক ও ইউরোপ অঞ্চলের গবেষণা এবং শিক্ষা কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
TEIN*CC-এর পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (EU) সহায়তায় পরিচালিত Asi@Connect Phase 2 প্রকল্পের আওতায় এই প্রস্তাব আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (NREN), বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট যোগ্য সংস্থাগুলো এই অর্থায়নের জন্য আবেদন করতে পারবে। গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, উন্নত ডিজিটাল অবকাঠামোর ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারত্ব তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Asi@Connect Phase 2-এর এবারের প্রস্তাব আহ্বানে তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হবে। এর মধ্যে রয়েছে গবেষণা ও শিক্ষার জন্য ওপেন সোর্স সহযোগিতা প্ল্যাটফর্ম ও ডিজিটাল সেবা উন্নয়ন, এশিয়া-ইউরোপ গবেষণা ও ডিজিটাল সংযোগ জোরদার এবং আর্থ অবজারভেশন বা পৃথিবী পর্যবেক্ষণ ও ডেটাভিত্তিক গবেষণা সহযোগিতা।
ওপেন সোর্স সহযোগিতা প্ল্যাটফর্ম ও ডিজিটাল সেবা উন্নয়ন খাতে এমন প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে, যেখানে গবেষণা ও শিক্ষা কার্যক্রমের জন্য নতুন ডিজিটাল সেবা তৈরি, সম্প্রসারণ, সমন্বয় এবং টেকসই ব্যবস্থাপনার সুযোগ থাকবে।
এশিয়া-ইউরোপ গবেষণা ও ডিজিটাল সংযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক গবেষণা অংশীদারত্ব, গবেষণা অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল সহযোগিতা বৃদ্ধির প্রকল্পগুলো বিবেচনা করা হবে।
অন্যদিকে, আর্থ অবজারভেশন ও ডেটাভিত্তিক গবেষণা সহযোগিতার আওতায় পৃথিবী পর্যবেক্ষণ তথ্য, ক্লাউড কম্পিউটিং, উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং (HPC) এবং উন্নত ডিজিটাল অবকাঠামো ব্যবহার করে আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা মোকাবিলায় গবেষণামূলক উদ্যোগকে গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি প্রকল্পের জন্য সর্বোচ্চ ৬০ হাজার ইউরো পর্যন্ত অর্থায়নের জন্য আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে আবেদনকারীদের কনসেপ্ট নোট জমা দিতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রস্তাবকারীরা পরবর্তী ধাপে পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন।
প্রস্তাব আহ্বান অনুযায়ী, কনসেপ্ট নোট জমা দেওয়ার শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬। এরপর নির্বাচিত আবেদনকারীদের পূর্ণাঙ্গ আবেদন জমার সুযোগ দেওয়া হবে। পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৪ জানুয়ারি ২০২৭।
আবেদনকারীদের জন্য অনলাইন ওপেন কল ডে’র আয়োজন করা হবে। সেখানে প্রকল্পের বিস্তারিত তথ্য, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নির্দেশনা সম্পর্কে জানানো হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো Asi@Connect-এর নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবে।
গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে এই অর্থায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজক সংস্থা। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলো উন্নত প্রযুক্তি ব্যবহার করে নতুন গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ পাবে।
ℹ️ আরও কন্টেন্ট নিয়মিত পেতে- ফেসবুক পেজে যুক্ত থাকুন!
ℹ️ ভিডিও আকারে কনটেন্ট নিয়মিত পেতে –ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন!